বিনোদন

রিজভীর সঙ্গে প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন শাবনূর

সালমান শাহর মৃত্যুর রহস্য ঘিরে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও গুঞ্জন রয়েছে। সময়ের সঙ্গে সেই আলোচনায় যুক্ত হয়েছে নতুন নতুন দাবি।

এবার সেই পুরনো বিতর্কে নতুন করে সরব হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।  সালমান শাহর মৃত্যুতে তার সম্পৃক্ততার অভিযোগ এবং নিজের সঙ্গে সালমান হত্যা মামলার রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের প্রেম ও বিয়ের দাবিকে সরাসরি নাকচ করেছেন এই অভিনেত্রী।

 

 

সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে শাবনূরের বিরুদ্ধে সালমান শাহর মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছেন রিজভী আহমেদ। এমনকি শাবনূরের সঙ্গে তার প্রেম ও বিয়ের দাবিও করেছেন তিনি। এসব বক্তব্যের জবাব দিতে শনিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রিজভীর গালগল্প ও অসত্য বয়ান’ শিরোনামে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন শাবনূর। পোস্টের শুরুতেই রিজভীর বক্তব্যের অসংগতি তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, “সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে যে ব্যক্তি রাজসাক্ষী হয়েছিল, তার নাম রিজভী আহমেদ ওরফে ফরহাদ। এই ব্যক্তি অন্য একটি মামলায়, সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী (বিল্টু)-কে অপহরণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে দেওয়া জবানবন্দিতে সালমান শাহ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিল।

 

 

ওই জবানবন্দিতে সে দাবি করে যে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ১২ লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে আরো কয়েকজনের সঙ্গে সে জড়িত ছিল। তখন সে প্রায় ৯ মাস কারাগারে বন্দি ছিল। তার নিজের ভাষ্য মতে, কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার কিছুদিন পরই সে যুক্তরাজ্যে দেশান্তরিত হয়। পরবর্তীতে সেখানে অবস্থানকালে প্রকাশিত একটি ভিডিও বার্তায় সে আবারও সালমান শাহর হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। কিন্তু ২০১৯ সালে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দিয়ে দাবি করে, সে এ ঘটনার সঙ্গে জড়িত নয় এবং সালমান শাহ আত্মহত্যা করেছিল।

 

আশ্চর্যের বিষয়, সালমানের মৃত্যুর দীর্ঘ ২৯ বছর পর অল্প কিছুদিন আগে ‘আরজে নীরব’ ও ‘সময় টিভি’কে দেওয়া দুটি পৃথক সাক্ষাৎকারেও সে আবার একই দাবি করে যে সালমান শাহর মৃত্যু হত্যা নয়, বরং আত্মহত্যা। শুধু তা-ই নয়, সে ওই আত্মহত্যার জন্য সালমান শাহর মা নীলা চৌধুরীকে দায়ী করে। পাশাপাশি প্রথমবারের মতো আমার বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ তোলে এবং আমাকেও ওই ঘটনার জন্য বারবার দায়ী করে কথা বলে।”

রিজভীর বক্তব্যের পরস্পর বিরোধিতা নিয়েও প্রশ্ন তুলেছেন শাবনূর। তার কথায়, ‘একই ব্যক্তি যখন সময়ে সময়ে একই ঘটনার বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য দেয়, তখন তার সর্বশেষ দাবির বিশ্বাসযোগ্যতা নিয়েও স্বাভাবিকভাবেই গুরুতর প্রশ্ন ওঠে। গত জুলাইয়ে প্রকাশিত তার দেওয়া দুটি সাক্ষাৎকারে সে বিভিন্ন বিষয়ে আরো অনেক অসংগতিপূর্ণ, বিভ্রান্তিকর ও অসত্য বক্তব্য দিয়েছে। তার বক্তব্যগুলো পর্যালোচনা করলে সবার কাছেই সেগুলো সাংঘর্ষিক, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হবে।’

 



সম্পর্কিত খবর