মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় নড়াইলে কিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন টার্মিনাল সংলগ্ন স্কুল অব সায়েন্স চত্বরে এই আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় দুটি গ্রুপে জেলার অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কিরাত প্রতিযোগিতা শেষে শহিদদের স্মরণে বিশেষ দোয়া এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই অভ্যুত্থানের তাৎপর্য ও যুবসমাজের নৈতিক মানোন্নয়নে ধর্মীয় ও মানবিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার আহ্বায়ক মিনহাজুল ইসলাম। তিনি বলেন, “তরুণ প্রজন্মকে আলোকিত করতে ও তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ তৈরিতে কুরআন শিক্ষার বিকল্প নেই। শহিদদের ত্যাগ স্মরণ করতেই আমাদের এই আয়োজন, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সংগঠনের সদস্যসচিব আমিরুল ইসলাম রানা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফায়াত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি বি এম মুস্তাফিজুর রহমান সুমন এবং তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য এস এম মিরাজুল কামাল বক্তব্য রাখেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।