ময়মনসিংহ

শেরপুর সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হলো

শেরপুর সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও মানবিক গুণাবলি অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “উচ্চশিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়, বরং নিজেকে একজন সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য।”

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও সময় ব্যবস্থাপনার পরামর্শ দেন।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। তিনি নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেন এবং সবার সামনে এক সুশৃঙ্খল ও আধুনিক শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন, এবং কলেজের সকল শিক্ষকবৃন্দ। তাঁদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও সমৃদ্ধ হয়ে ওঠে।

 

এছাড়া উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আরফান আলী, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, এবং সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

 

একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের নেতা-কর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, এবং ছাত্রশিবিরের নেতা-কর্মী। তাঁরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে নবীনবরণ অনুষ্ঠানটি আরও বৈচিত্র্যময় ও প্রাণবন্ত হয়ে ওঠে।

 

পুরো অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন মোহাম্মাদ মুত্তাসিম বিল্লাহ রুবেল, যার সাবলীল উপস্থাপনায় নবীনবরণ অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আকর্ষণীয়।

 

নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। নতুন শিক্ষার্থীরা এমন আড়ম্বরপূর্ণ আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

 

এই নবীনবরণ অনুষ্ঠান শেরপুর সরকারি কলেজে নতুন শিক্ষার্থীদের জন্য নবজাগরণের বার্তা বয়ে আনল—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।



সম্পর্কিত খবর