অর্থনীতি ও বাণিজ্য

সরকারি অফিসে দ্রুত সৌরবিদ্যুৎ চালুর আহ্বান প্রতিমন্ত্রীর

সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলোতে দ্রুত সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নিজ নিজ কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করতে হবে।

 

 

বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম শিগগিরই সরেজমিনে পরিদর্শন করবেন বলেও জানান মীর শাহে আলম। সভায় সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার চলমান কার্যক্রম এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

 

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

 

নিজ নিজ সংস্থার মাঠপর্যায়ের দপ্তরসহ ঢাকায় অবস্থিত অফিস ও প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

 

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম তারেকসহ মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

 

ঢাকার বাইরে অবস্থিত বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরাও অনলাইনে সভায় যুক্ত হয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।

 



সম্পর্কিত খবর