পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর গিয়েছেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটি তার মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও তার প্রতিনিধিদল।
জানা যায়, সিঙ্গাপুরের বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাবেন, সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সিডিএ এবং সিঙ্গাপুরে বাংলাদেশের জন্য নিযুক্ত নন-রেসিডেন্ট হাইকমিশনার। সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে প্রতিমন্ত্রী ও প্রতিনিধিদলের সম্মানে অভ্যর্থনা নৈশভোজ অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই সফরকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করবে মনে করা হচ্ছে। সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র-প্রতিমন্ত্রী, জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রীসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, বন্দর ও প্রযুক্তি কেন্দ্র পরিদর্শন এবং প্রবাসী বাংলাদেশিদের স্বীকৃতি অনুষ্ঠানে অংশ নেবেন।