আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সালিমা তালুকদার আরনী গতকাল শনিবার (১৮ অক্টোবর) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করেছেন। বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের মেয়ে আরনী তালুকদার দিনব্যাপী এই গণসংযোগ ও পথসভা করেন।
গতকাল প্রথমে দিগপাইত উপশহরের সরিষাবাড়ী রোডের মাথায় পথসভার মাধ্যমে তিনি কর্মসূচির সূচনা করেন। এরপর তিনি সানাকইর, পপুলার মোড়, শিমলা বাসস্ট্যান্ড, উপজেলা মোড় ও আরামনগর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ এবং পথসভায় বক্তব্য দেন।
পথসভায় আরনী তালুকদারের সঙ্গে আরও বক্তব্য দেন বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের সহধর্মিণী মাহমুদা সালাম, বিএনপি নেতা শামীম আহম্মেদ, আজিজুল কবীর তালুকদার হুমায়ুন এবং শহিদ ভিপিসহ আরও অনেকে।