ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে।
গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শহীদদের স্মৃতিস্তম্ভ ও কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনারও আয়োজন রয়েছে। কালের কণ্ঠের সারা দেশের প্রতিনিধিদের পাঠানো
তথ্যে বিস্তারিত...
রাজশাহী
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে মহান জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। প্রথমে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে তিনি পুনরায় শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।