পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ উন্নত করতে আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্থানীয় সামাজিক ও মানবিক সংগঠন ‘স্প্রেইড হিউম্যানিটি’। স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন পরিবেশ এবং দুর্গন্ধে রোগীদের ভোগান্তি লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান পরিদর্শন করে দেখা যায়, বেশ কিছু জায়গায় জঙ্গল, অপরিচ্ছন্নতা ও ময়লার স্তূপ জমে আছে, যা চিকিৎসার জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এই কারণে রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন সংগঠনের নেতারা।
‘স্প্রেইড হিউম্যানিটি’র সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন সাংবাদিকদের বলেন, "স্প্রেইড হিউম্যানিটি একটি সামাজিক ও মানবিক সংগঠন। আমরা আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সক্ষম হয়েছি। তবে এতেই সবকিছু সমাধান হবে না।" তিনি মনে করেন, হাসপাতালের কর্মচারীদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হাসপাতালটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।
সভাপতি আরও বলেন, ‘স্প্রেইড হিউম্যানিটি’ সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও দাঁড়াবে। সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তিনি সমাজের সকল মানবিক ও সামাজিক ব্যক্তিদের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন।
এই পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন— সংগঠনের সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আরেফিন রিফাত, ভারপ্রাপ্ত অর্থ বিষয়ক সম্পাদক রায়হান হোসেন, চিকিৎসা বিষয়ক সম্পাদক তানভীর রহমান, দপ্তর বিষয়ক সম্পাদক কাওছার আহমেদ, কার্যনির্বাহী সদস্য আহসান শুভ, মিজানুর রহমান ইমরান, লিজা আক্তার, সদস্য সাইমুন, মেহেদী, আরাফাত ইসলাম, মোশাররফ, সুবর্ণা আক্তার, আয়েশা সহ অন্যান্যরা।