দেশের খবর

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

 

বাবুনগর মাদরাসা আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘হেফাজত আমিরের প্রতি শ্রদ্ধা জানানো এবং তার দোয়া নেওয়াই তার এ সফরের অন্যতম উদ্দেশ্য।’ দেশ পরিচালনায় সবার পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে এখানে আমার আসার প্রধান উদ্দেশ্য হলো হুজুরকে সালাম দেওয়া এবং তার দোয়া নেওয়া। বর্তমান সরকার পরিচালনায় আপনারা হয়তো সরাসরি নেই, কিন্তু আপনারা আমাদের বড় সহযোগী হিসেবে আছেন।

 

দেশ পরিচালনার দায়িত্ব শুধু আমাদের একার নয়, আপনাদেরও পরামর্শ ও দোয়া আমাদের প্রয়োজন।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের মাথা দেশ ছেড়ে পালিয়েছে সত্য, কিন্তু তাদের অনেক কিছু এখনো রয়ে গেছে।’ গত জাতীয় নির্বাচনে হেফাজত আমিরের নির্দেশে সংগঠনটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

 

তারেক রহমান বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে এমনভাবে কাজ করি, যার বিনিময়ে দেশের সাধারণ মানুষ ভালো থাকতে পারে।

 

আমরা চাই, দেশটা সম্মানের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাক।’

নিজের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যে ওয়াদা করেছিলাম, সেটি রক্ষা করতেই আজ আপনাদের মাঝে এসেছি। আমি যাওয়ার সময় হুজুরের দোয়া নিয়ে যেতে চাই, যাতে মানুষকে দেওয়া জবান আমি রক্ষা করতে পারি এবং দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারি।’

 

এর আগে প্রধানমন্ত্রী বাবুনগর মাদরাসায় পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

 



সম্পর্কিত খবর