"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় মৎস্যপক্ষ।
রবিবার (১৬ আগস্ট) খাগড়াছড়ি জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পৌর টাউন হল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
উদ্বোধন শেষে টাউন হল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শোভাযাত্রাটি শাপলা চত্বর ঘুরে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা পাহাড়ি অঞ্চলে মাছের উৎপাদন বাড়ানো, স্থানীয় জলাশয় সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে মাছ চাষ করলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব।
আলোচনা সভা শেষে খাগড়াছড়ি সরকারি কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।