দেশের খবর

খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় মো. বাপ্পি (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মমিনবাগ বিলের ভেতর একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বাপ্পি উপজেলার আলাইপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে।

 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাপ্পি এলাকায় নিয়মিত থাকতেন না। বিভিন্ন স্থানে ছদ্মবেশে অবস্থান করতেন বলে জানা গেছে।

ওসি জানান, ভোরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘের থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

 

ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 



সম্পর্কিত খবর