ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মী কোল্ডস্টোরেজে এই সোলার প্যানেল উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল হক। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জনগণকে আগ্রহী করতেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকেরা।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আশরাফুল আলম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সহকারী কমিশনার ইমরান কবির, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী লুৎফুল হাসান সরকার ও লক্ষ্মী প্রিজারভ্স প্রাইভেট লিমিটেডের সহকারী পরিচালক মফিজুল ইসলাম।
এ সময় মফিজুল ইসলাম জানান, এই ৩২২ কিলোওয়াটের সোলার বিদ্যুৎ স্টেশন স্থাপনের ফলে তারা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটাতে পারবেন। এ ছাড়া ‘অফ সিজনে’ (মৌসুমবহির্ভূত সময়ে) উৎপাদিত এই ৩২২ কিলোওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি ও সার্বিক সহযোগিতায় লক্ষ্মী প্রিজারভ্স প্রাইভেট লিমিটেড নিজস্ব অর্থায়নে এই ৩২২ কিলোওয়াট সোলার প্যানেলটি স্থাপন করেছে। এতে খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।