নোয়াখালীর কোম্পানীগঞ্জের দারুল আরকাম মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও বার্ষিক শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর দুপুরে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নামাজ আদায়ের নিয়ম ও ইসলামি সংগীতসহ বিভিন্ন বিষয়ে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। তাদের পরিবেশনা অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে।
মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা কারি ফরহাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার লালমাইয়ের জায়িতুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াসিন শরীফ। তিনি হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করেন এবং দোয়া পরিচালনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক সালাহ উদ্দিন সুমন, জামাল উদ্দিন টিপু, মাদ্রাসার সাবেক শিক্ষা সচিব আবদুল কবিরসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।