নওগাঁর রাণীনগরে ৬ জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাতে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাবে মালয়েশিয়া প্রবাসী মেহেদি হাসান, নাজমুল ইসলাম নয়ন, জাহিদুল দপ্তরি, সৌদি আরব প্রবাসী আবু বক্কর সিদ্দিক ও নাহিদ সরদার এবং চীন প্রবাসী মিনহাজ শেখকে এই সংবর্ধনা দেওয়া হয়।
কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলন (সাংবাদিক)। অনুষ্ঠানে প্রবাসী ঐক্য পরিষদ কালীগ্রাম ইউনিয়ন শাখার প্রধান সমন্বয়ক এসআই সিরাজুল ইসলাম, আবাদপুকুর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান, ক্লাবের সহসভাপতি আনিছুর শেখ, কোষাধ্যক্ষ দিলবর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক নজরুল সরদার, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ, শিক্ষা বিষয়ক সম্পাদক রহেদ ফকির, সদস্য আব্দুল খালেক মন্ডল ও হাফিজুল মন্ডলসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা একদিকে যেমন পরিবার ও সমাজের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখতে সাহায্য করে; অন্যদিকে জাতীয় অর্থনীতিকেও শক্তিশালী করতে বড় ভূমিকা পালন করে। সে লক্ষ্যেই তাঁদের প্রতি সম্মান জানাতে প্রবাস থেকে ছুটিতে দেশে এলেই ক্লাবের ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। এ ছাড়া সংবর্ধনার স্মৃতি ধরে রাখতে প্রত্যেককে একটি করে কদবেল গাছের চারা উপহার দেওয়া হয়।