পটুয়াখালীর বাউফলে উপজেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও সালেহ আহমেদ বলেন, “সুস্থ সংস্কৃতি তরুণ ও যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপকর্ম থেকে দূরে রাখতে বড় ভূমিকা রাখে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণদের সৃজনশীলতা ও মননশীলতা বিকশিত হয়। বাউফলে শিল্প-সংস্কৃতির চর্চাকে আরও বেগবান করতে এই নতুন ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে সংস্কৃতিমুখী করতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশিক্ষণ ও সৃজনশীল কার্যক্রম আয়োজন করা জরুরি। এ ক্ষেত্রে উপজেলা শিল্পকলা একাডেমি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সংস্কৃতিকর্মী, শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।