দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে কয়েকটি পেশাজীবী সংগঠন। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্ন, জিয়া পরিষদের সভাপতি প্রভাষক কামাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেনসহ পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পায়তারা করছে। এসব অপতৎপরতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।