জয়পুরহাট শহরে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বনলতা বেকারিকে ৫০ হাজার টাকা, রাতুল বেকারিকে ৫০ হাজার টাকা এবং একটি তেল কলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। তিনি জানান, পরিদর্শনে কারখানাগুলোর পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পাওয়া যায়। নিম্নমানের কাঁচামাল ব্যবহার, অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদনবিহীন পণ্য ব্যবহারসহ একাধিক অনিয়মের প্রমাণ মেলে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।