আসন্ন নির্বাচনে জয়ী হলে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনকে একটি আধুনিক মডেল আসনে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জের গাজী বাজার স্কুল মাঠে কোলা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খাঁন বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। কোনো রাস্তা কাঁচা রাখা হবে না এবং প্রতিটি নাগরিকের সেবা নিশ্চিত করা হবে।” সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে তিনি বলেন, বিএনপির শাসনামলে আপনারা শতভাগ নিরাপদ থাকবেন এবং নির্বিঘ্নে বসবাস করবেন।
সাম্প্রতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি আরও বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চাঁদাবাজি ও জামাল ইউনিয়নে সংঘটিত জোড়া খুনের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে। কোনো হুমকির কাছে নতি স্বীকার করবেন না জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করা হবে।
কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হারুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও ইসরাইল হোসেন জীবন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন এবং সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা। সভা শেষে একটি বিশাল মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।