ঢাকা

ঈদকে সামনে রেখে নরসিংদীতে জাল টাকার কারখানায় র‍্যাবের অভিযান, আটক ১

নরসিংদীর মনোহরদী উপজেলায় জাল টাকা তৈরি ও বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা, জাল টাকা তৈরির সরঞ্জাম ও মেশিনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

রোববার দিবাগত রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এবং র‍্যাব-৪, সদর কোম্পানি, ঢাকার যৌথ অভিযানে মনোহরদী থানার সৈয়দেরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. দেলোয়ার হোসেন (৩৮)। তিনি মনোহরদী উপজেলার সৈয়দেরগাঁও গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে।

 

র‍্যাব সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা দেলোয়ার হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার হোসেন জাল টাকা তৈরি ও বাজারজাত করার প্রস্তুতির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

 

অভিযানে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ১৬০টি টাকা ছাপানোর পাতা, ৫০ টাকার ৩৬০টি জাল নোট, একটি এপসন (Epson) প্রিন্টার, একটি ২৪ ইঞ্চি এলজি (LG) এলইডি মনিটর, একটি লেমিনেটিং মেশিন, একটি সিপিইউ (CPU), তিনটি পুরোনো মোবাইল ফোন, সাতটি রাসায়নিক পদার্থের কৌটা, ১৩টি কাঠের ফ্রেম, প্রায় ৮২০ গ্রাম বিভিন্ন ধরনের রং এবং ৫ গ্রাম নিরাপত্তা সুতা।

 

র‍্যাব জানায়, জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মনোহরদী থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ (Special Powers Act, 1974)-এর ২৫এ ধারা এবং দণ্ডবিধির ৪৮৯(ক), ৪৮৯(খ), ৪৮৯(গ) ও ৪৮৯(ঘ) ধারায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

 

র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন, “ঈদকে কেন্দ্র করে কোনো চক্র যাতে জাল টাকা বাজারে ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করতে না পারে, সেজন্য র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।”

 

র‍্যাব আরও জানিয়েছে, জাল টাকা প্রস্তুত ও বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।



সম্পর্কিত খবর