ঝিনাইদহের কালীগঞ্জে হট্টগোলের মধ্য দিয়ে শেষ হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় এক শিবিরনেতার রাজনৈতিক আপত্তিকর বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ওই হট্টগোল বাঁধে। এ সময় সভায় উপস্থিত স্থানীয় এমপি, উপজেলা প্রশাসন ও বিএনপির সিনিয়র নেতাদের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জানা যায়, সকাল ১০টায় উপজেলা পরিষদে র্যালি শেষে অডিটোরিয়ামে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা চলছিল। সভায় জুলাই যোদ্ধা কালীগঞ্জ সরকারি এম ইউ কলেজ শাখা শিবিরের সভাপতি হুসাইন আহমেদ বিএনপি সরকারের প্রতি কটাক্ষ করে বক্তব্য দেন। তিনি তাঁর বক্তব্যে "সরকার গণভোটের রায় না মানলে বর্তমান সরকারও বৈধ নয়" বলে উল্লেখ করেন। এতেই সভাস্থলে উপস্থিত বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা প্রতিবাদ জানান এবং উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে মারমুখী পরিস্থিতি সৃষ্টি হলে সভায় উপস্থিত স্থানীয় জামায়াত দলীয় এমপি আবু তালেব, ইউএনও এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়।
সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, "বক্তব্য দেওয়া নিয়ে কিছুটা তর্ক-বিতর্ক সৃষ্টি হলেও তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়।" সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, বিএনপি নেতা ইসরাইল হোসেন, শামসুল ইসলাম ও যুবদল নেতা মাহবুবুর রহমান মিলনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।