ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি। উদ্বোধনী ম্যাচে কালীগঞ্জ পৌরসভা ফুটবল দল ৪-০ গোলে ১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া ফেডারেশনের ব্যবস্থাপনায় বিকেলে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি শেষে খেলার উদ্বোধন করেন। এরপর রেফারির বাঁশিতে শুরু হয় খেলা। কালীগঞ্জ পৌরসভা ফুটবল দল খেলার প্রথমার্ধে ১টি ও দ্বিতীয়ার্ধে আরও ৩টিসহ মোট ৪টি গোল করে। বিজয়ী পৌরসভা দলের তাইবু ২টি এবং তাজিম ও নাইম ১টি করে গোল করেন। খেলার রেফারির দায়িত্বে ছিলেন মোমেনুল হক খোকা, খায়রুল ইসলাম ও আকিদুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন রবিউল ইসলাম।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনির ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, জামায়াত নেতা মাওলানা ওলিউর রহমান, বিএনপি নেতা আজিজুল ইসলাম, জালাল হোসেন, ক্রীড়া সংগঠক অজিত কুমার, সাংবাদিক জামির হোসেন, আসাদুজ্জামান মুকুল, তৌফিকুর রহমান কাজল, লিখন হোসেনসহ উপজেলা প্রশাসন ও ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারা।