রাজশাহী

জয়পুরহাটের গোপীনাথপুরে ৫১৯ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে বসেছে প্রায় পাঁচ শতাব্দীর পুরোনো ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা। দোল পূর্ণিমাকে কেন্দ্র করে আয়োজিত এই মেলাটি প্রায় ৫১৯ বছর ধরে চলে আসছে বলে স্থানীয়দের দাবি। ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী, ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে গোপীনাথপুরের মন্দিরকে কেন্দ্র করে দোল উৎসব উপলক্ষে এই মেলার সূচনা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ গ্রামীণ মেলা ও ঘোড়ার হাটে পরিণত হয়েছে। প্রতিবছর নির্দিষ্ট সময়ে ১৫-২০ দিন ধরে চলা এই মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।

 

মেলার প্রধান আকর্ষণ ঘোড়ার হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা নানা জাতের ঘোড়া নিয়ে এখানে আসেন। মেলার মাঠজুড়ে দেখা যায় ঘোড়ার গতি ও শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার নানা দৃশ্য। দরদাম শেষে অনেকে পছন্দের ঘোড়া কিনে নিজ নিজ এলাকায় নিয়ে যাচ্ছেন। ঘোড়ার পাশাপাশি মেলায় গরু ও মহিষেরও কেনাবেচা হচ্ছে।

 

গাইবান্ধা থেকে ঘোড়া নিয়ে আসা ব্যবসায়ী হবিবর রহমান বলেন, “প্রতি বছরই এই মেলায় ঘোড়া নিয়ে আসি। এখানে অনেক ক্রেতা আসে, তাই ভালো দাম পাওয়া যায়।”

 

জামালপুর জেলার আল আমিন বলেন, “গোপীনাথপুরের ঘোড়ার মেলার কথা অনেক দিন ধরে শুনে আসছি। এবার প্রথমবার এলাম। এত বড় ঘোড়ার হাট আগে দেখিনি।”

 

দিনাজপুর জেলার জাফর সরদার বলেন, “এই মেলা শুধু কেনাবেচার জায়গা নয়, এটি একটি ঐতিহ্য। এখানে এসে অনেক পুরোনো পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়।”

 

মেলার বিস্তীর্ণ প্রাঙ্গণজুড়ে বসেছে নানা ধরনের দোকানপাট। শীতলপাটি থেকে শুরু করে কাঠের আসবাবপত্র, বেত ও বাঁশের তৈরি বিভিন্ন গৃহস্থালি সামগ্রী, মাটির তৈরি পণ্য, লোহা-লক্কড়ের সরঞ্জাম, কৃষিকাজের উপকরণসহ নানা ধরনের জিনিসপত্রের সমাহার দেখা যায় এখানে। পাশাপাশি রয়েছে বাহারি খাবারের দোকান। জিলাপি, পিঠা, মিষ্টি, চটপটি, ফুচকা, হালিমসহ নানা মুখরোচক খাবারের সুবাসে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। শিশু-কিশোরদের জন্য নাগরদোলা ও বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও করা হয়েছে।

 

 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা বলেন, “ঐতিহ্যবাহী এই মেলাটি প্রায় ১৫ দিন পর্যন্ত চলবে। মেলাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে।”

 

 

স্থানীয়দের মতে, শতাব্দীপ্রাচীন গোপীনাথপুরের এই ঘোড়ার মেলা শুধু কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি উত্তরবঙ্গের গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের মিলনমেলার এক অনন্য প্রতীক। প্রতি বছর হাজারো মানুষের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে এই ঐতিহাসিক মেলা। 



সম্পর্কিত খবর