রাজশাহী

জয়পুরহাটে সরিষাখেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

জয়পুরহাট শহরের পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষাখেত থেকে রোববার দুপুরে তায়েফ হোসেন (১৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তায়েফ নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন সরদারের ছেলে এবং জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিদেশ যাওয়ার কাগজপত্র সংক্রান্ত কাজ শেষে ঢাকা থেকে মায়ের সঙ্গে জয়পুরহাটে ফেরেন তায়েফ। বাস থেকে নেমে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি। এরপর দিন দুপুরে স্থানীয়রা সরিষাখেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।” এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 



সম্পর্কিত খবর