'মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের অবদান'—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ঝিনাইদহ রেড ক্রিসেন্টের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের সেক্রেটারি আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মজিদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান সুজন, জিয়াউল ইসলাম ফিরোজ, নাজিমউদ্দীন জুলিয়াস, তহুরা খাতুন এবং যুব প্রধান ফয়সাল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। তাঁদের এই ত্যাগ ও আদর্শের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বক্তারা সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।