খুলনা

ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। শহরের পবহাটি ফুটবল মাঠে যুব সংগঠন ‘ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই গাছের চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশনের পরিচালক রাশেদুল ইসলাম নয়ন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোস্তাক আহমেদ ও শাহ মোহাম্মদ আখতারুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে তারা সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

পরে উপস্থিত তরুণ-তরুণী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়া কর্মসূচি উপলক্ষে উক্ত মাঠে একটি মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 


সম্পর্কিত খবর