ঢাকা

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পুলিশ হেফাজতে ধর্ষক রশিদ মিয়া (৫৫)

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। এছাড়াও আসামিকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের গোলামের ছেলে রশিদ মিয়া (৫৫)।

ট্রাইব্যুনালের বিচারক রায়ে আরও উল্লেখ করেন, আসামির কাছ থেকে অর্থদণ্ড আদায় করা সম্ভব না হলে ভবিষ্যতে আসামি যে সম্পদের মালিক হবেন, সেই সম্পদ থেকে ভিকটিমকে তা দেওয়া হবে।

ডিস্ট্রিক্ট কালেক্টর, টাঙ্গাইলকে দণ্ডপ্রাপ্ত আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে অর্থদণ্ডের সমপরিমাণ অর্থ ভিকটিমকে দেওয়ার নির্দেশ প্রদান করেন। রায়ে ট্রাইব্যুনালের বিচারক আরও বলেন, ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর পিতা হিসেবে ধর্ষক রশিদ মিয়াকে স্বীকৃতি দেওয়া হলো এবং শিশুর ভরণপোষণের ব্যয় রাষ্ট্র বহন করবে।

শিশুর শিক্ষা, চিকিৎসা ও ভরণপোষণ বাবদ মাসিক প্রদেয় অর্থের পরিমাণ নির্ধারণপূর্বক ট্রাইব্যুনালকে অবহিত করতে হবে।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খন্দকার মো. রোকনুজ্জামান জানান, ২০২৪ সালের ১৪ এপ্রিল ১৪ বছরের এক শিশু তার দাদিকে ডাকার জন্য পুকুরপাড়ে যায়।

এ সময় প্রতিবেশী সম্পর্কে দাদা দণ্ডপ্রাপ্ত আসামি রশিদ মিয়া শিশুটিকে বলে যে, তার দাদি রশিদ মিয়ার বাড়িতে গেছে। পরে সে শিশুটিকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনা কাউকে জানালে শিশু ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে ভয় দেখানো হয়। পরে ভিকটিমের শারীরিক পরিবর্তন দেখা দিলে সে তার মায়ের কাছে ধর্ষণের কথা প্রকাশ করে। ততক্ষণে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরবর্তীতে ২০২৪ সালের ২২ ডিসেম্বর ভিকটিম তার বাবার বাড়িতে এক কন্যাসন্তানের জন্ম দেয়।

তিনি আরও জানান, পরে ভিকটিম বাদী হয়ে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। আদালত মির্জাপুর থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরবর্তীতে আসামির ডিএনএ পরীক্ষার রিপোর্টে ভিকটিমের জন্ম দেওয়া কন্যাসন্তানের পিতা হিসেবে রশিদ মিয়ার পরিচয় নিশ্চিত হওয়া যায়।



সম্পর্কিত খবর