খুলনা

নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স সংযোজন

নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স সংযোজন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের পাশে স্মৃতি পরিষদের নিজস্ব কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিভিন্ন বয়সের চক্ষু রোগী বাছাই করে ২৫০ জনের চোখে লেন্স সংযোজনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. জোবায়ের রিয়ালের তত্ত্বাবধানে রোগীদের বাছাই করা হয়।

মরহুম শরীফ আতিয়ার রহমানের ছোট ছেলে ডা. শরীফ শামীম আতীক জানান, এবার চক্ষুক্যাম্পের মধ্য দিয়ে চতুর্থবারের মতো চোখে লেন্স সংযোজনের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবার ২৫০ জন করে চার ধাপে এক হাজার রোগীকে চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রতি মাসের শেষ শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনামূল্যে রোগী দেখেন।

তিনি আরও জানান, এসব কার্যক্রম ছাড়াও ওষুধ প্রদান, আইনি পরামর্শ, রক্তচাপ (প্রেসার), রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে কয়েকটি মেডিকেল ক্যাম্পও অনুষ্ঠিত হয়েছে।

এ চক্ষুক্যাম্পে উপস্থিত ছিলেন শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সদস্য মাওলানা আলমগীর হোসাইন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, ডা. লিজা খানম, শামীম আহমেদ শুভ, ইস্তিহাদুল ইসলাম, প্রীতি রবি দাশ, তাথৈ কীর্ত্তনিয়া, জান্নাতি খাতুন, রাবেয়া সুলতানা, বাবর আলী, মেহেরুন হেলেন, শরীফ আফরোজা, নিশাত নাবিলাসহ অনেকে।

 


সম্পর্কিত খবর