বরিশাল

পটুয়াখালীতে বিরল ঘটনা: একসঙ্গে তিনটি বাচ্চার জন্ম দিল একটি গরু

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি গাভী একসঙ্গে তিনটি বাচ্চার জন্ম দেওয়ার এক ব্যতিক্রমী ও বিরল ঘটনা ঘটেছে। পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের পশ্চিম শাড়িখালি গ্রামের বাসিন্দা নূর হোসেন গাজীর বাড়িতে গত ২০ ডিসেম্বর শনিবার রাতে এই ঘটনা ঘটে। বিরল এই খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়। আদর করে বাচ্চা তিনটির নাম রাখা হয়েছে মিষ্টি, বৃষ্টি ও বর্ষা।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, নূর হোসেন গাজী প্রায় তিন বছর আগে স্থানীয় একটি হাট থেকে এই গাভীটি ক্রয় করেছিলেন। ইতিপূর্বে গাভীটি একটি বাচ্চার জন্ম দিলেও সেটি কিছুদিনের মাথায় মারা যায়। চলতি বছর উন্নত জাতের প্রত্যাশায় গাভীটিকে কৃত্রিম প্রজনন করানো হয়। নূর হোসেনের পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে গাভীটির প্রসব বেদনা শুরু হলে প্রথমে একটি বাচ্চার জন্ম হয়। উপস্থিত সবাই ভেবেছিলেন প্রসব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু এর কিছুক্ষণ পরই পর্যায়ক্রমে আরও দুটি বাচ্চা প্রসব করলে উপস্থিত সকলে বিস্মিত হয়ে পড়েন। বর্তমানে মা গাভী এবং তিনটি বাচ্চাই সুস্থ রয়েছে।

 

ব্যতিক্রমী এই ঘটনা একনজর দেখার জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ নূর হোসেন গাজীর বাড়িতে ভিড় জমাচ্ছেন। পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, গরুর ক্ষেত্রে একসঙ্গে তিনটি বাচ্চার জন্ম হওয়া অত্যন্ত বিরল ঘটনা হলেও চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটি অসম্ভব কিছু নয়। মূলত কৃত্রিম প্রজননের প্রভাবেই ক্ষেত্রবিশেষে এমনটি ঘটার সম্ভাবনা থাকে। অনেক স্থানীয় অধিবাসী এই ঘটনাকে ঐশ্বরিক রহমত হিসেবে দেখছেন এবং তারা বাছুরগুলোর দীর্ঘায়ু কামনা করছেন।

 


সম্পর্কিত খবর