বরিশাল

বামনায় গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের দক্ষিণ পাশের ভবনের পশ্চিম মাথায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে বামনা থানা-পুলিশ। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে তিন পুড়িয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—৭ নম্বর ওয়ার্ডের রিপন হালদারের পুত্র হাসানুর রহমান (১৯), ১ নম্বর ওয়ার্ডের কামাল হাওলাদারের পুত্র ইমরান হোসেন (১৯), ৮ নম্বর ওয়ার্ডের শাহজালাল হাওলাদারের পুত্র আবদুল্লাহ আল জিসান (১৯), ১ নম্বর ওয়ার্ডের মো. নূর হোসেনের পুত্র নাঈম তালুকদার (১৯), ১ নম্বর ওয়ার্ডের রিপন হাওলাদারের পুত্র রিমন হাওলাদার (১৯) ও ১ নম্বর ওয়ার্ডের কামাল হাওলাদারের পুত্র আল সাহাব (২০)।

 

গত ১ জুলাই ২০২৬, বুধবার রাত ৮টার দিকে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খানের নেতৃত্বে একটি চৌকস দল হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের বারান্দায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বামনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার সকালে বরগুনা আদালতে পাঠানো হয়েছে।

 

এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান বলেন, “আমি বামনায় দায়িত্ব পালনকালে এলাকায় কোনো প্রকার মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কিংবা সেবন করতে দেব না। বামনাকে মাদকমুক্ত করতে আমি ও আমার থানার সব সদস্য নিরলসভাবে কাজ করে যাব।”



সম্পর্কিত খবর