নরসিংদী পৌরসভায় বয়স্কভাতার টাকা নিতে গিয়ে দরজায় হাত চাপা পড়ে লোকনাথ ধর (৭০) নামে এক বৃদ্ধের বাম হাতের দুটি আঙুল অঙ্গহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি গত ৭ জুলাই নরসিংদী পৌরসভায় ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
আহত লোকনাথ ধর নরসিংদী পৌরশহরের বর্তমান বানিয়াছল এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিবারের মতো বয়স্কভাতার টাকা নিতে লোকনাথ ধর পৌরসভায় যান। ভাতা বিতরণের কক্ষে প্রবেশের সময় ভেতরে থাকা এক ব্যক্তি হঠাৎ জোরে দরজা বন্ধ করে দিলে তার বাম হাতের দুটি আঙুল দরজার সঙ্গে চাপা পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পরিবারের দাবি, আঙুল কেটে যাওয়ার পর লোকনাথ ধর প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করলেও তাৎক্ষণিকভাবে দরজা খোলা হয়নি। প্রায় তিন থেকে চার মিনিট ধরে তার হাত দরজার মধ্যে আটকে ছিল। পরে সঙ্গে থাকা লোকজনের চিৎকার ও ধাক্কাধাক্কির পর দরজা খোলা হয়। এ সময় চারপাশ রক্তে ভরে যায়।
স্বজনদের অভিযোগ, ঘটনার পর দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করে তাকে ভাতার টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অস্ত্রোপচার করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, আহত আঙুল স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা খুবই কম।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার নরসিংদী পৌরসভার পৌর প্রশাসক নাদিরা আখতারের সঙ্গে দেখা করলে তিনি তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার জন্য ৫ হাজার টাকা প্রদানের নির্দেশ দেন বলে জানা যায়। তবে পরিবারের অভিযোগ, সেই অর্থ তাদের হাতে পৌঁছে দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে পৌর প্রশাসক নাদিরা আখতার বলেন, "আমি টাকা দিতে বলেছি। তারা কেন দেয়নি, বিষয়টি আমি দেখব।"
ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে জানায়, পৌরসভায় সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একজন প্রবীণ ব্যক্তি সরকারি ভাতা নিতে এসে স্থায়ী শারীরিক ক্ষতির শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে তারা মন্তব্য করেন।
স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন অসংখ্য প্রবীণ, নারী ও প্রতিবন্ধী ব্যক্তি বিভিন্ন সেবা নিতে নরসিংদী পৌরসভায় আসেন। তাই ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ভবনের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা, প্রয়োজনীয় সংস্কার এবং দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, আহত লোকনাথ ধরের উন্নত চিকিৎসা এবং উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।