ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরবা শ্রীপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে আরিসান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আরিসান ওই গ্রামের মনিরুজ্জামান মনিরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন বান্ধবীর সঙ্গে গোসল করতে নামে আরিসান। একপর্যায়ে সবার অজান্তে সে পানিতে ডুবে যায়। এরপরে স্থানীয়রা জানতে পেরে অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই তার মৃত্যু হয়।
শিশুটির আকস্মিক ভাবে এই মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকাবাসীও শোকাহত হয়ে পড়েছেন। এ ঘটনায় পুরো ভৈরবা শ্রীপুর গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।