ঢাকা

মাধবদী হাটে দুই কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস: আটক ৩, জরিমানা ৭১ হাজার

নরসিংদীর মাধবদী হাটে বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়েছে। এ সময় ৩ জন জাল বিক্রেতা ও সংরক্ষণকারীকে আটক করে মোট ৭১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত সব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

সোমবার (২৭ জুলাই) নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে এবং নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী হাটে এ বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

 

অভিযান চলাকালে হাটের খোলা মাঠে প্রকাশ্যে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জালের ক্রয়-বিক্রয় চলতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ ব্যবসায়ী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট আইনে তাঁদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

এ সময় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়, যা দেশের মৎস্যসম্পদ, জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।

 

পরে উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এবং উপজেলা মৎস্য অফিসার রওনক জাহানের উপস্থিতিতে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নম্বর রোড সংলগ্ন খোলা স্থানে জব্দকৃত সব অবৈধ জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

 

অভিযানে উপজেলা মৎস্য অফিস, নরসিংদী সদর, র‍্যাব, মাধবদী থানা-পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সার্বিক সহযোগিতা প্রদান করে। সব মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

 

জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ কারেন্ট জাল ও রিং জালের উৎপাদন, মজুত, ক্রয়-বিক্রয় ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা হবে। মৎস্যসম্পদ ধ্বংসে জড়িত কোনো ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

 


সম্পর্কিত খবর