যশোরের শার্শা উপজেলার এক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত নাসির উদ্দীন (৫৯) শার্শার বাগুড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি বাগআঁচড়া-নাভারণ-বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার সকালে কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানান শার্শা থানার ওসি শামীমুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নাসির উদ্দীন সম্প্রতি নিজ এলাকায় ফিরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা-পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরে তাঁকে যশোর আদালতে পাঠানো হয়েছে।