সিলেট

শীতের হাতছানি: পর্যটকের পদচারণায় সরব চায়ের রাজধানী মৌলভীবাজার

পৌষের কনকনে শীত আর পাহাড়-টিলার সবুজ প্রকৃতির টানে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো। গত দুই সপ্তাহ ধরে কুয়াশাচ্ছন্ন সকাল আর বিস্তীর্ণ চা-বাগানের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় করছেন 'চায়ের রাজ্য' খ্যাত এই জেলায়।

 

প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে। জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত এবং শ্রীমঙ্গলের চা-বাগান ও বধ্যভূমি ৭১-এ এখন উপচে পড়া ভিড়। পর্যটকরা স্থানীয় 'চান্দের গাড়ি'তে চড়ে এক স্পট থেকে অন্য স্পটে ঘুরে বেড়াচ্ছেন। এতে চাঞ্চল্য ফিরেছে স্থানীয় হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে।

 

লাউয়াছড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহে প্রায় ১০ হাজার দেশি-বিদেশি পর্যটক উদ্যানটি ভ্রমণ করেছেন। জানুয়ারি ২০২৬-এর প্রথম সপ্তাহ পর্যন্ত পর্যটকদের এই চাপ অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্পটগুলোতে জেলা পুলিশ ও টুরিস্ট পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়েছে।

 

চট্টগ্রাম থেকে আসা পর্যটক নজমুল ইসলাম বলেন, "পরিবার নিয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে এখানে এসেছি। একই জেলায় এতগুলো বৈচিত্র্যময় স্পট সত্যিই মনোমুগ্ধকর। তবে কেন্দ্রগুলোর অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন।"

 

শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বলেন, "পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন, সে জন্য আমাদের নজরদারি জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"



সম্পর্কিত খবর