রংপুর

জলঢাকায় চার প্রার্থীর প্রচারণায় জমজমাট নির্বাচনী মাঠ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। নির্বাচনী আচরণবিধি মেনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের চার প্রার্থী বিরামহীন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

 

গত ২২ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই আলহাজ সৈয়দ আলী (বিএনপি), মাওলানা ওবায়দুল্লাহ সালাফী (জামায়াতে ইসলামী), রুহান চৌধুরী (জাতীয় পার্টি) এবং আমজাদ হোসেন সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

 

নির্বাচনী মাঠের পরিস্থিতি নিয়ে বিএনপি প্রার্থী আলহাজ সৈয়দ আলী বলেন, “এলাকাকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।” অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী জানান, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির জন্য সাধারণ ভোটাররা দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক সাড়া দিচ্ছেন।

 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৩০৩ বর্গকিলোমিটার আয়তনের এই আসনে মোট ভোটার ২ লাখ ৯৪ হাজার ৪৪৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৯ হাজার ৮৭৮ এবং নারী ১ লাখ ৪৪ হাজার ৫৬৭ জন।

 

জলঢাকা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে। প্রার্থীরা আচরণবিধি মেনে চলছেন। তবে যেকোনো লঙ্ঘন রোধে আমাদের কঠোর নজরদারি অব্যাহত আছে।”



সম্পর্কিত খবর