সিলেট

জুড়ীতে বিজিবির অভিযান: ১১ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, সিএনজি জব্দ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে পরিচালিত এই অভিযানে ৩ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত মাদক ও যানবাহনের সম্মিলিত বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৪৬ হাজার টাকা।

 

বিজিবি সূত্র জানায়, ৫২ ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে আনুমানিক এক কিলোমিটার ভেতরে ৭ নম্বর ফুলতলা ইউনিয়নের ফুলতলা নামক স্থানে অবস্থান নেয়। দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সন্দেহভাজন এক ব্যক্তিকে সিএনজিসহ গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩ হাজার ৮২০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন বিজিবি সদস্যরা। আটককৃত ব্যক্তির নাম আব্দুস সালাম (৫৫), তিনি জুড়ী উপজেলার ফুলতলা ডাকঘরের পশ্চিম বটুলী গ্রামের মোঃ ওসমান আলীর ছেলে।

 

অভিযান শেষে বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৪৬ হাজার টাকা এবং জব্দকৃত সিএনজি অটোরিকশাটির মূল্য প্রায় ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আটককৃত আসামিকে ইয়াবা ও জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জুড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এই বিশেষ অভিযান সীমান্ত এলাকায় নিয়মিত অব্যাহত থাকবে বলেও বিজিবি নিশ্চিত করেছে।



সম্পর্কিত খবর