খুলনা

ঝিনাইদহে অবৈধ দুই করাতকলে অভিযান, ৮ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে শহরের লাউদিয়া ও তেঁতুলতলা এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।

বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে লাউদিয়া ও তেঁতুলতলা এলাকায় অভিযান চালানো হয়। সে সময় লাইসেন্স না থাকা ও সরকারি জায়গা ব্যবহারসহ নানা অপরাধে লাউদিয়া এলাকার মেসার্স রুবেল স মিলের মালিক ইসমাইল মোল্লাকে ৫ হাজার টাকা এবং তেঁতুলতলা বাজারের মেসার্স মজিদ স মিলের মালিক আব্দুল মজিদকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে সব কাগজপত্র করার নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও জানান, অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



সম্পর্কিত খবর