বরিশাল

পরকীয়ার বলি: বামনায় ৫ সন্তানের জনককে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক গ্রেপ্তার

বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের ঘোপখালী গ্রামের প্রবাসী ৫ সন্তানের জনককে স্ত্রী ও পরকীয়া প্রেমিক গলা টিপে হত্যা করেছে। ১৪ ডিসেম্বর, রবিবার দুপুরে নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। পরকীয়া প্রেমিক ও স্ত্রী হত্যার ঘটনা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে স্ত্রী নাজমা বেগম (৩৫) ও পরকীয়া প্রেমিক আল আমিন (৩০)-কে বামনা থানা পুলিশ আটক করে। থানায় জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার ঘটনা স্বীকার করেন।

 

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বামনা উপজেলার ঘোপখালী গ্রামের প্রবাসী মো. আবদুল জলিল (৪৫) গত ১৫ দিন আগে প্রবাস থেকে বাড়িতে আসেন। এদিকে একই এলাকার আবু খতিবের ছেলে আল আমিন (৩০) গৃহকর্মী হিসেবে ৫ বছর ধরে কাজ করতেন। কিন্তু স্বামী প্রবাসে থাকার সুবাদে স্ত্রী নাজমা তাঁর গৃহকর্মী আল আমিনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এ ঘটনা স্বামী জানতে পারলে স্ত্রী ও পরকীয়া প্রেমিক রবিবার দুপুরে নিজ বসতঘরে তাঁকে অচেতন করে গলা টিপে হত্যা করে। এ বিষয়টি স্থানীরা জানতে পেরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ রাত ৮ টায় লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট শেষে লাশ থানায় নিয়ে আসে। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আ. জলিলের বড় কন্যা লামিয়া আক্তার বাদী হয়ে তাঁর মাতা ও মাতার পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ০৪, তারিখ ১৫-১২-২০২৫ ইং।

 

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্ত্রী নাজমা ও পরকীয়া প্রেমিক আল আমিনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও স্বীকারোক্তিতে তাঁরা এ হত্যার দায় স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে বামনা থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

 


সম্পর্কিত খবর