পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্সদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় প্রসূতি ইতি বেগমের নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত নার্সদের শাস্তির দাবিতে আজ মঙ্গলবার সকালে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী ইতি বেগম সাংবাদিকদের জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে প্রসবব্যথা নিয়ে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ সময় কর্তব্যরত নার্সরা যথাযথ সেবা না দিয়ে চরম অবহেলা করেন। ইতি বেগম অভিযোগ করে বলেন, "চিকিৎসা চাইলে নার্সরা বলেন—এখন ঘুমের সময়, যা হবে সকালে হবে। রাতে কোনো চিকিৎসকও ছিলেন না। নার্সরা দায়িত্ব পালন করলে আমার সন্তান মারা যেত না।"
নিহতের স্বামী মো. সাব্বির হোসেন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, "হাসপাতালের নার্স শিরিন আক্তার ও শিপ্রা রানী মালাকার রোগীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন। তাদের দায়িত্বহীনতার কারণেই আমরা সন্তান হারিয়েছি। আমরা এই অন্যায়ের কঠোর বিচার চাই।"
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নার্স শিরিন আক্তার দাবি করেন, তার বিরুদ্ধে আনা অবহেলার অভিযোগ ভিত্তিহীন। অপর অভিযুক্ত নার্স শিপ্রা রানী মালাকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, "ঘটনাটি আমি গুরুত্বের সাথে গ্রহণ করেছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"