বরিশাল

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন লামিয়া

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকায় শহীদ হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের কন্যা লামিয়াকে (১৭) বাবার কবরের পাশেই দাফন করা হবে। আজ দুপুরে ঢাকা সেহরোয়ার্দি হাসপাতালে ময়না তদন্ত শেষে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসার পরে নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন লামিয়ার স্বজনরা। জেলার দুমকী উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ধোপার হাটে তার দাদার বাড়িতে বাবার কবরের পাশে কবর খোঁড়া ও জানাজার স্থান প্রস্তুত করা হয়েছে। 

শনিবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লামিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোকাহত হয়ে পড়েন স্বজনসহ এলাকাবাসী।পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ পটুয়াখালীর পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। সাহসিকতার সাথে তিনি নিজে থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ইতিমধ্যে দুমকি থানা পুলিশ অভিযুক্ত সাকিব ও সিফাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

 

পরিবারের দাবি, ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই লামিয়া গভীর মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। সামাজিক লজ্জা, অবহেলা এবং ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা তার মধ্যে চরম হতাশা তৈরি করে। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে পরিবারের ধারণা। এই ঘটনার সুস্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন সজনসহ স্থানীয়রা। 

 

লামিয়ার দাদা সোবাহান হাওলাদার(৭২) ও দাদী রাবেয়া বেগম(৬৩) কান্না জড়িত কন্ঠে জানান, দেশের জন্য তার ছেলে জুলাই আন্দোলনে জীবন দিয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলো তার ছেলে জসীম। তাঁকে হারিয়ে তারা চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।  এরই মাঝে তার নাতী লামিয়াকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষন করে বিএনপি নেতার ছেলে ও তার দলবল। নাতীটা গতকাল গলায় দড়ি দিছে। সে বাধ্য হয়ে গলায় দড়ি দিয়েছে বলে দাবী করেন তারা। যাদের কারনে তার নাতী মরল তারা তাদের কঠিন বিচার দাবী করেন সরকারের কাছে।

এ বিষয়ে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জাকির হোসেন জানান,লামিয়া ধর্ষনের ঘটনায় প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।  তারা আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে।  বর্তমানে তারা জেল হাজতে রয়েছে।

জেলা বিএনপির একটি সুত্র জানিয়েছে আজ লামিয়ার পরিবারের সাথে দেখা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের নির্দেশে পটুয়াখালী আসার কথা রয়েছে " আমরা বিএনপি পরিবার" এর প্রধন উপদেষ্টা রুহুল কবির রিজভীসহ একটি প্রতিনিধি দলের।



সম্পর্কিত খবর