বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার ১১ বছরের দীর্ঘ প্রতিজ্ঞা নিয়ে না ফেরার দেশে চলে গেলেন ঝিনাইদহের নিজামুদ্দিন মণ্ডল (৭০)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত নিজামুদ্দিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। দলীয় আদর্শের প্রতি তাঁর এমন অনড় অবস্থানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক কাঙালিভোজে হামলার ঘটনা ঘটে। রাজনৈতিক প্রতিপক্ষের সেই হামলায় খাবার নষ্ট হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজামুদ্দিন মন্ডল ঘোষণা দেন, বিএনপি পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি আর ভাত স্পর্শ করবেন না। এরপর থেকে টানা ১১ বছর ধরে তিনি ভাত পরিহার করে কেবল রুটি ও কলা খেয়ে জীবন ধারণ করে আসছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গত ঈদুল ফিতরের পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রথমে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মহেশপুর উপজেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তৃণমূল পর্যায়ের এই কর্মীর এমন ত্যাগ ও রাজনৈতিক দৃঢ়তাকে বিরল উদাহরণ হিসেবে অভিহিত করেছেন স্থানীয় দলীয় কর্মীরা।