ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৩৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পাওয়ার পর আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই প্রার্থীরা শুরু করেছেন আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
যশোরের ছয়টি আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ৩৫ জন প্রার্থী মাঠে রয়েছেন। এর মধ্যে যশোর-১ (শার্শা) আসনে ৪ জন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ৮ জন, যশোর-৩ (সদর) আসনে ৬ জন, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে ৭ জন, যশোর-৫ (মণিরামপুর) আসনে ৫ জন এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থীরা পেয়েছেন ‘ধানের শীষ’, জামায়াতে ইসলামী ‘দাঁড়িপাল্লা’, জাতীয় পার্টি ‘লাঙ্গল’ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটারের জন্য ৮২৪টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন মোট ১৪ হাজার ৮৬১ জন কর্মকর্তা।
তিনি আরও জানান, নির্বাচনের পরিবেশ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে মোতায়েন রয়েছেন। আজ থেকে শুরু হওয়া প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।