নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে থানা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর তিনি রাণীনগর থানায় যোগদান করেন।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো. আব্দুল লতিফ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং তথ্যের আধার। তাদের সংগৃহীত সঠিক তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে বিশেষভাবে সহায়তা করে। বিশেষ করে গুজব ও অপপ্রচার প্রতিরোধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। রাণীনগর উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সাংবাদিকদের কাছ থেকে তথ্যগত সহযোগিতা প্রত্যাশা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল এবং সাংবাদিক চৌধুরী মুরাদ হোসেন, হারুনুর রশিদ, আওরঙ্গজেব হোসেন রাব্বী, সুকুমল কুমার প্রামানিক, সাহাজুল ইসলাম, রাজেকুল ইসলাম, সাইফুল ইসলাম ও শাহারুখ হোসেন আহাদ। এছাড়া মতবিনিময় সভায় উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।