ঢাকা

লক কেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঢুকে চুরি, প্রজেক্টের ল্যাপটপ সহ লক্ষাধিক টাকার মালামাল গায়েব

নরসিংদীর শিবপুর উপজেলার ১৪০ নং বাড়ৈআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে সংঘটিত এ ঘটনায় স্কুলের প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

জানা যায়, চোরেরা বিদ্যালয়ের প্রধান দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর একে একে ১৫টি সিলিং ফ্যান, একটি সাউন্ড সিস্টেম, একটি ল্যাপটপ, মাল্টিমিডিয়া সংযোগ সরঞ্জাম, একটি প্রজেক্টর এবং একটি স্কুল ব্যাগসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও একাধিকবার একই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, মাদকাসক্ত ও নেশাগ্রস্ত ব্যক্তিরাই এসব চুরির সঙ্গে জড়িত।

তাদের দাবি, সম্প্রতি এলাকায় মাদক ব্যবসা ও সেবনকারীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এ বিষয়ে পুলিশ প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। নিয়মিত অভিযান না থাকায় গ্রামাঞ্চলে মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এলাকাবাসী দ্রুত মাদক নির্মূল এবং চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ কামনা করেছেন।



সম্পর্কিত খবর